রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় ফ্লাইওভারে ওঠার সময় পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তবে দুর্ঘটনার সময় মাথায় হেলমেট পরা থাকায় বড় ধরনের আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সাতরাস্তা থেকে তেজগাঁও ফ্লাইওভারে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলটি ফ্লাইওভারে ওঠার সময় দ্রুতগতির একটি অটোরিকশা পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আছড়ে পড়ে এবং আরোহীও ছিটকে পড়ে আহত হন।
দুর্ঘটনার পরপরই আশপাশের পথচারী ও দায়িত্বরত ব্যক্তিরা দ্রুত এগিয়ে এসে আহত আরোহীকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরা থাকায় মাথায় মারাত্মক কোনো আঘাত লাগেনি, ফলে বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান তিনি। তবে দুর্ঘটনায় মোটরসাইকেলটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ব্যস্ত সড়কে দুর্ঘটনা এড়াতে যানবাহনের নিরাপদ দূরত্ব বজায় রাখা, অতিরিক্ত গতি পরিহার করা এবং মোটরসাইকেল আরোহীদের সর্বদা মানসম্মত হেলমেট ব্যবহারের প্রতি আহ্বান জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা।
kalprakash.com/IM