জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও পাহাড়ি ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। এ সময় তিনি রাষ্ট্রদূতের কাছ থেকে নেপালের বর্তমান সার্বিক পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।
দুর্যোগের শুরু থেকেই সহানুভূতি প্রকাশ, দ্রুত শোকবার্তা প্রেরণ এবং নেপালের জনগণের প্রতি সংহতি জানানোয় বিরোধীদলীয় নেতার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। তিনি নেপালে চলমান উদ্ধার তৎপরতা, ক্ষয়ক্ষতির চিত্র ও মানবিক সহায়তার পরিস্থিতি সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন।
আলোচনাকালে ডা. শফিকুর রহমান নেপালের সঙ্গে বাংলাদেশের সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি জানান, যেকোনো মানবিক সংকটে নেপালের বন্ধুপ্রতিম জনগণের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা সংহতি নিয়ে অবস্থান করবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ।
kalprakash.com/IM