অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। দেশটির স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হন। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি তার দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বেড়েছে।
অস্ট্রেলিয়ার নাগরিক এলিজা আজাদ রহমানের পৈতৃক নিবাস বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের সন্তান। দুই দশকেরও বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। পরবর্তী সময়ে দেশটির বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।
রাজনীতিতে সক্রিয় ভূমিকার ধারাবাহিকতায় ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন এলিজা আজাদ। স্থানীয় পর্যায়ে কাজের অংশ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও কমিউনিটি কার্যক্রমে নিবেদিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে এলিজা আজাদ বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা মোটেও সহজ ছিল না। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতে আরও বেশি নারী রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে এগিয়ে আসবেন।
রাজনৈতিক পথচলায় স্বামী ও সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতার কথা স্মরণ করেন এলিজা আজাদ। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অব্যাহত সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। শুভানুধ্যায়ীদের এই সহযোগিতা ও উৎসাহকে নিজের অগ্রযাত্রার অন্যতম প্রধান প্রেরণা বলে উল্লেখ করেন তিনি।
এদিকে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় সিডনির বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের আবহ বিরাজ করছে। সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা আজাদ দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নিষ্ঠার সাথে কাজ করছেন। স্থানীয় সরকারে তার এই অবস্থান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি তুলে ধরতে এবং সামগ্রিক কমিউনিটির উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া মাসুদ চৌধুরী নামের আরেক বাংলাদেশি বর্তমানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই ধারাবাহিকতায় এলিজা আজাদ রহমানের এই অর্জন অস্ট্রেলিয়ার রাজনীতি ও স্থানীয় সরকারে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরও একটি উজ্জ্বল মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে।
kalprakash.com/IM