জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে রওনা হন তিনি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের ‘ডিজিটাল লার্নিং উইক’। আন্তর্জাতিক এই আয়োজনের এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।
বিশ্বজুড়ে শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতা এবং শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এবারের সম্মেলনে বিশ্বনেতা ও শিক্ষাবিদদের মধ্যে বিশদ আলোচনা হবে।
সম্মেলনের সূচি অনুযায়ী, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকো সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দুটি গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশনে অংশ নেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব অধিবেশনে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষাব্যবস্থার রূপান্তর, নীতিগত চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেবেন।
সম্মেলন শেষে আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
kalprakash.com/IM