শিক্ষার্থীদের উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে একটি আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতৃবৃন্দ যৌথভাবে এ ল্যাবের উদ্বোধন করেন।
নতুন এই ল্যাবে প্রায় ১৩ ধরনের আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা এখন থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারেই প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ২১ বছরের একটি বিশ্ববিদ্যালয় মাত্র দুজন চিকিৎসক দিয়ে পরিচালিত হতে পারে না। জকসুর উদ্যোগে যুক্ত হওয়া আধুনিক যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও পরিচালনার জন্য দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি মেডিকেল সেন্টারে চক্ষু ও ডেন্টাল ইউনিট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
জকসুর ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মেডিকেল সেন্টারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দুজন চিকিৎসক ও তিনজন নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুতই এখানে চক্ষু ও দাঁতের চিকিৎসাসেবাও চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ জানান, ল্যাবটিতে প্রায় ১৩ ধরনের আধুনিক ইকুইপমেন্ট যুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি করেছে। নতুন ল্যাব ও প্রয়োজনীয় জনবল যুক্ত হওয়ার মাধ্যমে মেডিকেল সেন্টারের দীর্ঘদিনের সংকট অনেকাংশেই দূর হবে বলে মন্তব্য করেন তিনি।
kalprakash.com/IM