ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৮১ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ১২ হাজার ২২০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তপথে অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানগুলো পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেন বিজিবি সদস্যরা।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতি রক্ষা এবং চোরাকারবারিদের তৎপরতা রুখে দিতে সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ ও চোরাচালান চক্রের অপতৎপরতা বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিজিবি।
kalprakash.com/IM