আবাসিক হলের সংকট, ক্যাম্পাসের সীমাবদ্ধতা ও সুযোগ-সুবিধার অভাব সত্ত্বেও থেমে নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের স্বপ্নজয়ের লড়াই। আসন্ন ৫০তম বিসিএস মৌখিক পরীক্ষায় (ভাইভা) নিজেদের সেরা প্রস্তুতি নিশ্চিত করতে এবার সিনিয়র ও সহপাঠীদের সহযোগিতায় ক্যাম্পাসের মুক্তমঞ্চেই নিয়মিত ‘মক ভাইভা’র আয়োজন করছেন শিক্ষার্থীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তমঞ্চে তাঁদের এমন অনুশীলনের একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজর কাড়ে এবং প্রশংসিত হয়।
ছবিতে ভাইভা প্রার্থী হিসেবে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজাদ হোসেন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক সীমাবদ্ধতা আছে, তাই বলে জবিয়ানরা কখনোই হাল ছাড়ে না। অতীতেও সব সীমাবদ্ধতা কাটিয়ে অনেকে বিসিএস জয় করেছেন। আমরাও দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যেন কোনো প্রতিকূলতাই আমাদের জন্য অজুহাত না হয়ে দাঁড়ায়। সামনে আমাদের মূল ভাইভা, তাই দক্ষতা বৃদ্ধির ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমরা এই আয়োজন করেছি। সারাদিন সবাই যার যার মতো প্রস্তুতি নিয়ে রাতের বেলায় জ্ঞান ঝালিয়ে নিতে মুক্তমঞ্চে মিলিত হই। এই মুক্তমঞ্চ আমাদের হার না মানার এক জীবন্ত সাক্ষী।”
সেই মক ভাইভায় বোর্ডে পরীক্ষক হিসেবে ছিলেন তৈয়ব (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ), আলামিন (উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এবং সূচি (২০১৮-১৯ শিক্ষাবর্ষ)। তাঁরা জানান, আসন্ন ৫০তম বিসিএসের ভাইভায় নিজেদের সেরাটা উজাড় করে দিতে তাঁরা চারজনই এক এক করে একে অপরের মক ভাইভা পরীক্ষা নিচ্ছিলেন।
উল্লেখ্য, আজাদ হোসেন সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ‘কৃতী শিক্ষার্থী সম্মাননা’ লাভ করেন। এ ছাড়া তিনি ৪৯তম বিসিএসে মেধাক্রমে ৫ম এবং ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ২য় স্থান অধিকার করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
আবাসন সংকট ও লাইব্রেরিতে আসনস্বল্পতা থাকা সত্ত্বেও বিসিএস, চাকরি এবং বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জনে ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
kalprakash.com/IM