স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হারের এক মাস পর দলকে ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্বের জবাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বকাপে দলের পথচলা, ফাইনালে ওঠার সংগ্রাম এবং শেষ পর্যন্ত লড়াইয়ের মানসিকতাকে তুলে ধরে একটি আবেগঘন ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি।
ফাইনালে হারের পর লিওনেল মেসির ড্রেসিংরুমের একটি ভিডিও, ম্যাচের আগে ও পরে খেলোয়াড়দের আচরণ এবং বিভিন্ন ঘটনার অপব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অসত্য দাবি ছড়িয়ে পড়ে। শুরু থেকেই এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল এএফএ। এবার ভিডিওর মাধ্যমে সেই অবস্থান আরও স্পষ্ট করল সংস্থাটি।
এমন কিছু ঘটেছিল, যা অনেকেই চাননি
ভিডিওতে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়। ধারাভাষ্যে বলা হয়, এক মাস আগে এমন কিছু ঘটেছিল, যা অনেকেই চাননি। আর্জেন্টিনা আবারও একটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে। অনেকেই বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও সত্যিটা হলো, এটি ঘটেছিল।
এতে আরও বলা হয়, প্রতিটি কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে দলটি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার স্মৃতিও ভিডিওতে তুলে ধরা হয়।
আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি
ফাইনালের পর ছড়িয়ে পড়া আর্জেন্টিনাবিরোধী প্রচারণার প্রসঙ্গ টেনে এএফএ জানায়, যত অপপ্রচারই থাকুক না কেন, দল লক্ষ্যেই অবিচল ছিল। যদি কেউ বলে কিছু একটা ঘটেছিল, তবে সত্য হলো—ঘটেছিল এমন একটি দলের গল্প, যারা জয়ের জন্য নিজেদের উজাড় করে দিয়েছিল এবং শেষ পর্যন্ত লড়াই করে কখনোই হাল ছাড়েনি।
ভিডিওর শেষভাগে রানার্সআপ পদক নেওয়ার পর লিওনেল মেসির অশ্রুসজল মুহূর্তটি দেখানো হয়। ব্যাকগ্রাউন্ড ধারাভাষ্যে তখন শোনা যায়, আপনি জিততে পারেন কিংবা হারতেও পারেন। কিন্তু একটি কাজ কখনো করা যাবে না—তা হলো চেষ্টা থামিয়ে দেওয়া।
যেসব গুঞ্জন ছড়িয়েছিল
ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিতে বলা হয়েছিল, স্টেডিয়ামে পৌঁছানোর সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের অস্বাভাবিক গম্ভীর দেখাচ্ছিল এবং গ্যালারিতে দেশটির সাবেক কিংবদন্তিদের উপস্থিতি ছিল না। এ ছাড়া ম্যাচের আগে মেসির বক্তব্য কিংবা এনজো ফার্নান্দেজের হলুদ কার্ড নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা দেওয়া হয়েছিল, যার কোনোটির পক্ষেই সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।
সভাপতি তাপিয়ার বার্তা
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সমর্থকদের মিথ্যা তথ্য ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো মিথ্যা বা অপপ্রচারে কান দেবেন না, যা কেবল আমাদের অস্থিতিশীল করতেই তৈরি করা হয়েছে। আর্জেন্টিনা স্পেনকে হারাতে পারেনি; স্পেন ভালো ফুটবল খেলেই কোনো অজুহাত ছাড়া ন্যায্যভাবে জয়ী হয়েছে।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও এএফএর এই ভিডিওর বার্তা স্পষ্ট—হার পথচলার শেষ নয়, বরং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই আর্জেন্টিনা দলের আসল পরিচয়।
kalprakash.com/IM