শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৩২:২৫

নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা ও ভাঙচুর, ২৫ নেতাকর্মীসহ দুই শতাধিক জনের বিরুদ্ধে এজাহার

মো. মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৫১
শেয়ার: mail
নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা ও ভাঙচুর, ২৫ নেতাকর্মীসহ দুই শতাধিক জনের বিরুদ্ধে এজাহার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে অসন্তোষের জেরে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় পৃথক দুটি এজাহার দায়ের করেছে উপজেলা প্রশাসন। এতে সরকারদলীয় ২৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৪০ থেকে ২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে লালপুরের ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০-৫০ জন এবং বাগাতিপাড়ার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে অভিযুক্ত করা হয়।

সোমবার লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু মাসুদ রানা এবং বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শুকুর আলী নিজ নিজ থানায় লিখিত এজাহার জমা দেন।

লালপুরে দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট দুপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হন সরকারদলীয় নেতাকর্মীরা। একপর্যায়ে ৪০-৫০ জন নেতাকর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এ সময় ইউএনও, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তারা কার্যালয়ে অবস্থান করছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়, বিক্ষোভকারীরা কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং নিয়োগের ফলাফল বাতিলের জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে মারধর করে তাঁর জামা ছিঁড়ে ফেলা হয়, উপজেলা আইসিটি কর্মকর্তাকে ধাক্কা দেওয়া হয় এবং কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র লাথি মেরে তছনছ করা হয়। ইউএনওর কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরা বন্ধ করার জন্য চাপ দেওয়ার পাশাপাশি তার ছিঁড়ে ফেলা হয়।

অভিযোগে আরও বলা হয়, কয়েকজন ইউএনওকে ঘিরে ধরে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তাঁকে কার্যালয় থেকে নিরাপদে সরিয়ে নিতে গেলে ভেতরে থাকা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ইউএনওর শরীরে ও কক্ষে ডিম ছুড়ে মারেন। পরে বিক্ষোভকারীরা কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পুনরায় জড়ো হন।

অন্যদিকে, বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, ১২ আগস্ট সকালে একই নিয়োগের ফলাফলকে কেন্দ্র করে শতাধিক ব্যক্তি উপজেলা পরিষদ ভবনের সামনে জড়ো হন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং আপত্তিকর স্লোগান দেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দরজা খুলে দেওয়ার চাপ সৃষ্টি করেন এবং বারান্দায় থাকা কয়েকটি ফুলের টব ও একটি স্টিলের গেট ভাঙচুর করেন। এ সময় বিক্ষোভকারীদের ছুড়ে মারা একটি প্লাস্টিকের চেয়ারে ইউএনও কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা কপালে আঘাত পান।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় উপজেলা ভূমি অফিসের এক কর্মচারী ভিডিও ধারণ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাঁকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে বিক্ষোভকারীদের কয়েকজনকে ইউএনওর কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হলে তাঁরা সেখানে অবস্থানরত সরকারি কর্মকর্তাদের বের করে দেওয়ার চেষ্টা করেন এবং ইউএনওর টেবিলে আঘাত করে অসৌজন্যমূলক আচরণ করেন।

এ সময় ফলাফলের সুনির্দিষ্ট ত্রুটি নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হলেও বিক্ষোভকারীরা তা না মেনে পুরো ফলাফল বাতিলের দাবিতে চাপ প্রয়োগ করেন এবং পরবর্তীতে আবারও একই ধরনের ঘটনা ঘটানোর হুমকি দেন।

উপজেলা প্রশাসনের অভিযোগ, নিয়োগের ফলাফলকে কেন্দ্র করে সরকারি কার্যালয়ে হামলা, ভাঙচুর, কর্মকর্তাদের লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার কারণে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পৃথক দুটি এজাহার দায়ের করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লিখিত এজাহার পাওয়া গেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ইউএনও কার্যালয়ে হামলার ঘটনায় লিখিত এজাহার পাওয়া গেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে হামলা ও ভাঙচুরের বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা ও ভাঙচুর, ২৫ নেতাকর্মীসহ দুই শতাধিক জনের বিরুদ্ধে এজাহার

বিস্তারিত কমেন্টে