রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটাভুটি হতে যাচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, ব্যালট পেপার কীভাবে গ্রহণ ও পূরণ করবেন এবং ভোট গণনা শেষে কীভাবে ফল ঘোষণা করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্টের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ করা হবে। ভোট শুরুর আগে নির্বাচনকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার ভোটগ্রহণের সার্বিক পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করবেন। এরপরই ভোটগ্রহণ শুরু হবে।
ভোটদানের প্রক্রিয়া তুলে ধরে আখতার আহমেদ জানান, ব্যালট পেপারের দুটি অংশ থাকবে—একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট পেপার। মুড়ি অংশে ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম এবং বিভক্তি নম্বর উল্লেখ থাকবে। এর নিচে নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট সংসদ সদস্য পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন এবং এরপর মূল ব্যালট পেপার গ্রহণ করবেন।
মূল ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার ক্রমানুসারে মুদ্রিত থাকবে। প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা তাঁদের পূর্ণ নাম লিখে ও স্বাক্ষর করে ভোট দেবেন।
ভোট দেওয়ার পর নির্দিষ্ট ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলতে হবে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ভোটগ্রহণ শেষ হওয়া মাত্রই ব্যালট গণনা শুরু হবে।
ইসি সচিব আরও জানান, নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। গণনার সময় কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ হয়েছে, কতটি বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব করা হবে। এরপর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা গণনা করা হবে। যে প্রার্থী বেশি ভোট পাবেন, নির্বাচনকর্তা তাঁকে বিজয়ী ঘোষণা করবেন। পরবর্তীতে নির্বাচন কমিশনে ফিরে ফলাফল অনুযায়ী চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
kalprakash.com/IM