যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতি, মনিরামপুর সদর ও কাশিমনগর ইউনিয়নের বুক চিরে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বিল কাকুড়িয়ার স্বাভাবিক পানি নিষ্কাশনের দাবিতে সংসদ সদস্য গাজী এনামুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় কৃষকরা।
রোববার (১৬ আগস্ট) কৃষকদের একটি প্রতিনিধিদল সংসদ সদস্য ও ইউএনও’র কাছে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি তুলে দেয়। স্মারকলিপিতে বিলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
স্থানীয় কৃষকরা জানান, বিল কাকুড়িয়ার ওপর নির্ভর করে এলাকার শত শত কৃষক বছরের পর বছর ধরে কৃষিকাজ ও জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিলের মধ্যে অপরিকল্পিতভাবে মাছের ঘের ও ভেড়ি নির্মাণ করায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিলে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়ে নষ্ট হচ্ছে হাজার হাজার একর ফসলি জমি।
কৃষকদের অভিযোগ, ঐতিহ্যবাহী এই বিলটি দীর্ঘদিন কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতার উৎস হলেও অপরিকল্পিত ঘের নির্মাণের কারণে তা এখন চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সময়মতো পানি নামতে না পারায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
স্মারকলিপি প্রদানকালে কৃষকদের সাথে উপস্থিত ছিলেন ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন এবং আব্দুল মান্নান দফাদারসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা। তারা দ্রুত পানি চলাচলের পথ উন্মুক্তকরণ এবং অবৈধ ঘের ও বাঁধ অপসারণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
kalprakash.com/IM