মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাসে দুর্বৃত্তদের হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিংগাইর উপজেলার বন দক্ষিণ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আক্রান্ত বাসটি বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাওয়া ‘কালিগঙ্গা’ রুটের শিক্ষার্থীবাহী বাস বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তর।
প্রত্যক্ষদর্শী ও পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, ক্লাস শেষে শিক্ষার্থীদের নিয়ে বাসটি নিয়মিত রুট মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় সিংগাইরের বন দক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত হঠাৎ লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে বাসের ওপর হামলা চালায়। হামলায় বাসের গ্লাস ভেঙে পড়ে এবং জখম হন ভেতরে থাকা শিক্ষার্থীরা। স্থানীয়দের সহায়তায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বলেন, “কালিগঙ্গা বাসটিতে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্যার স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কথা বলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। আমরা আইনি ব্যবস্থা নিতে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।”
হামলার কারণ সম্পর্কে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, আঞ্চলিক সড়কে পৃথক একটি সড়ক দুর্ঘটনা ঘটলেও জবি শিক্ষার্থীদের বাসটি তাতে জড়িত ছিল না। তবে স্থানীয়রা বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে ভেবে ভুল বোঝাবুঝির বশে হামলা চালিয়ে থাকতে পারে। ঘটনার খবর পেয়েই সহকারী প্রক্টরের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত এজাহার পেলেই মামলা দায়ের করা হবে।
ইতিমধ্যে হামলার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত আওতায় আনতে বিশেষ অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
kalprakash.com/IM