স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বর্তমান বিরোধী দল আগের মতো দায়িত্বশীল ভূমিকা না রেখে শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে। তারা দেশে নতুন করে গণতন্ত্রের গলা টিপে ধরার অপচেষ্টা চালাচ্ছে।”
রোববার (৯ আগস্ট) রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা প্রদান ও স্বাবলম্বীকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সাড়ে চার হাজারেরও বেশি শিক্ষার্থী, নারী ও শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিগত ১৭ বছরে বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় ১ লাখ ২৫ হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং হাজার হাজার মানুষকে গুম ও খুন করা হয়েছে। দেশের তৎকালীন ফ্যাসিস্ট সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা ঝুলিয়ে এক অন্ধকার পরিস্থিতি তৈরি করেছিল। এছাড়া আন্তর্জাতিক ভূরাজনীতি ও সংঘাতের প্রভাবে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলারের মারাত্মক ক্ষতি হয়েছে। এই বিশাল ক্ষত থেকে দেশকে পুরোপুরি ঘুরিয়ে দাঁড় করাতে কিছুটা সময়ের প্রয়োজন।
দেশের বিদ্যমান গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশের একমাত্র গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকেও ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকটের টেকসই সমাধান করা হবে।”
বিরোধী দলের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, “বিরোধী রাজনৈতিক দলগুলো অস্থিরতা তৈরি করে শেখ হাসিনার সুরেই সব সমস্যার তাৎক্ষণিক সমাধান চাচ্ছে। যা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। সরকারকে পুনর্গঠন ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য যৌক্তিক সময় দেওয়া উচিত।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার উত্তর পূর্বাঞ্চল ও রংপুর অঞ্চলকে কেন্দ্র করে ঢেলে সাজাতে চায়। প্রধানমন্ত্রী এই অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। সাংবাদিকেরা পূর্বের সরকারের সময়ে স্বাধীনভাবে লিখতে পারতেন না উল্লেখ করে তিনি বলেন, “এখন সংবাদমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।”
অনুষ্ঠানে ‘লাভ শেয়ার বিডি’-এর অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয় এবং ২৫টি গৃহহীন পরিবারের মাঝে তৈরি করা পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়।
লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
kalprakash.com/IM