চীনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে চলতি বছরের ১৩তম টাইফুন ‘ডলফিন’। ঝড়টির প্রভাবে সাগরে বিপজ্জনক উচ্চতার ঢেউ, প্রবল বাতাস এবং বৈরী আবহাওয়ার আশঙ্কায় একাধিক সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া ও সামুদ্রিক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চীনের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র (এনএমইএফসি) জানায়, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে পূর্ব চীন সাগরের পূর্বাংশে ৬ থেকে ১০ মিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। এ কারণে গভীর সমুদ্র এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়া চেচিয়াং (ঝেজিয়াং) প্রদেশের উপকূলীয় জলসীমায় ২ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়ে উপকূলসংলগ্ন এলাকায় নীল সতর্কতা জারি করা হয়েছে।
এনএমইএফসি ক্ষতিগ্রস্ত সমুদ্র এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উপকূলীয় প্রশাসনকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) টাইফুন ‘ডলফিন’-এর জন্য নীল সতর্কতা নবায়ন করেছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৫টা পর্যন্ত টাইফুনটির কেন্দ্র উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে, চেচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহর থেকে প্রায় ১ হাজার ৩৬০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। ঝড়টির কেন্দ্রের কাছাকাছি সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ৪২ মিটার।
পূর্বাভাসে বলা হয়েছে, টাইফুনটি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে পশ্চিমমুখী হয়ে অগ্রসর হবে। শুক্রবার এটি পূর্ব চীন সাগরে প্রবেশ করে ধীরে ধীরে চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।
এ সময় পূর্ব চীন সাগর, হলুদ সাগরের দক্ষিণ-পূর্বাংশ, তাইওয়ানের পূর্ব উপকূল, বাশি প্রণালি এবং দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।
চীনে আবহাওয়া সতর্কতার জন্য চার স্তরের রঙভিত্তিক ব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে লাল সতর্কতা সর্বোচ্চ, এরপর কমলা, হলুদ এবং নীল সতর্কতা দেওয়া হয়।