বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৯:৩০

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আবু সাঈদ, জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:০১
শেয়ার: mail
নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে স্মারক আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ এইচ এম কামাল।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাইসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রাণদানকারী বীর শহীদদের এবং দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ অবদান রাখা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস এক অর্থে দেশের গণতন্ত্র পুনরুত্থানের দিন। জুলাই একদিকে আনন্দঘন এবং অন্যদিকে অত্যন্ত বেদনাবিধুর। জুলাই মানে সন্তানহারা পিতা-মাতার কান্না, স্বজন হারানোর বেদনা। জুলাইয়ের শহীদরা নিজেদের জীবন উৎসর্গ করে মৃত্যুকে জয় করেছেন। ছাত্র, শিক্ষক, শ্রমিক ও জনতার সার্বজনীন অংশগ্রহণের ফলেই স্বৈরাচারী শাসক বিদায় নিতে বাধ্য হয়েছিল। অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই অর্জনকে সার্থক করতে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাগত বক্তব্যে এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ।

এছাড়া ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান রায়হানা আক্তার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান ও সদস্য-সচিব মামুন সরকারসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা সভায় বক্তব্য প্রদান করেন।

এর আগে সকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘জুলাই স্কয়ার’-এ গিয়ে শেষ হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রস্তাবিত ‘জুলাই সোপান’-এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবার।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward