ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালের পোকা দমনের কীটনাশক ট্যাবলেট খেয়ে জান্নাত আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) ভোররাতে উপজেলার চাতলপাড়া ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের ভূঁইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত জান্নাত আক্তার ওই গ্রামের মো. ইসমাইল ভূঁইয়ার মেয়ে এবং চাতলপাড়া ফকিরদা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে ঘরে রাখা চালের পোকা দমনের কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন জান্নাত। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌপথে তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচা মো. ইউসুফ ভূঁইয়া জানান, হাসপাতালে নেওয়ার পথে নৌকাতেই জান্নাতের মৃত্যু হয়। কী কারণে সে এমন পদক্ষেপ নিয়েছিল, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
kalprakash.com/IM