খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী জাতের আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান এবং পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূরসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানানো হয়, কর্মসূচির আওতায় উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে সাত জাতের উন্নত মানের গ্রীষ্মকালীন সবজির বীজের পাশাপাশি ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জন কৃষকের পুনরবাসনের লক্ষ্যে প্রতিজনকে ৫ কেজি করে উফশী আমন ধানের বীজ বিতরণ করা হয়। সব মিলিয়ে উপজেলার মোট ৯০০ কৃষক এই সরকারি প্রণোদনার প্রত্যক্ষ সুবিধা পাচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতেই সরকার এই প্রণোদনা দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ-সারের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকদের উচ্চ ফলন নিশ্চিত করতে হবে।”
kalprakash.com/IM