ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নে সরকারি ডোবা অবৈধভাবে ড্রেজার ও পাইপ বসিয়ে ভরাটের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভরাট কাজে ব্যবহৃত প্রায় ২৫টি পাইপ অপসারণের পর ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে কুটি ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে অবস্থিত সরকারি ডোবাটি ভরাটের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কসবা উপজেলা প্রশাসন।
অভিযানে অবৈধভাবে জলাশয় ভরাটে জড়িত থাকার অপরাধে মো. টিটু মিয়া (৩৫) ও রথিন রায় (৩২) নামের দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
তিনি জানান, সরকারি জলাশয় অবৈধ দখল ও যেকোনো ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে যাতে এই স্থানে বা অন্য কোথাও অবৈধভাবে সরকারি ডোবা ভরাট করতে না পারে, সেজন্য ঘটনাস্থল থেকে ভরাটের কাজে ব্যবহূত ২৫টি পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে।
কসবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এবং সরকারি খাল, ডোবা ও জলাশয় রক্ষায় এ ধরনের উচ্ছেদ ও অর্থদণ্ডের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
kalprakash.com/IM