বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অনিয়ম, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং সরকারি ওষুধ সংরক্ষণে গুরুতর গাফিলতির অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য উপদেষ্টার সাম্প্রতিক আকস্মিক পরিদর্শনে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে অনিয়ম ও অসদুপায়ে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুত, শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং সার্বিক চরম অব্যবস্থাপনার তথ্য উঠে আসে। এসব অনিয়মে জনস্বাস্থ্যসেবার মান ও সরকারি স্বাস্থ্য খাতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে মন্ত্রণালয়।
বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান জানান, মন্ত্রণালয়ের আদেশপত্র হাতে পাওয়া গেছে এবং নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের অব্যবহৃত ভবন ও শৌচাগারে সংরক্ষিত বিপুল পরিমাণ সরকারি ওষুধ, স্যালাইন ও ইনজেকশন দেখতে পান। অসঙ্গতি পাওয়ার সাথে সাথেই তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং ডা. কামাল হোসেন মুফতির মালিকানাধীন ‘ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করে দেওয়া হয়।
kalprakash.com/IM