প্রায় দুই সপ্তাহ ধরে টানা মার্কিন বিমান হামলার পর টানা দ্বিতীয় রাত কোনো হামলার মুখে পড়েনি ইরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রচেষ্টা আরও জোরদার করেছে পাকিস্তান ও কাতার।
আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আগের রাতের মতোই রোববার ভোর পর্যন্ত ইরানের কোথাও কোনো বিস্ফোরণ বা নতুন মার্কিন বিমান হামলার খবর পাওয়া যায়নি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত দুই সপ্তাহে তাদের হামলায় ইরানের সামরিক অবকাঠামো, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ-সম্পদ এবং রসদ কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু ছিল।
পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে আনাদুলু জানায়, যুদ্ধ অবসানে একটি যৌথ প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পর পাকিস্তান ও কাতার দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান আরও বাড়িয়েছে। মধ্যস্থতাকারীরা দীর্ঘমেয়াদি উত্তেজনা প্রশমনের পথ খুঁজে বের করার চেষ্টা করছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত সর্বশেষ মার্কিন হামলায় ৫৭ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন।
এর আগে চলতি সপ্তাহে পাকিস্তান ও কাতার একটি যৌথ উত্তেজনা প্রশমন প্রস্তাব দেয়। এতে যুক্তরাষ্ট্র ও ইরানকে ৯ জুলাইয়ের আগের অবস্থানে ফিরে গিয়ে স্থগিত আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানানো হয়। এ বিষয়ে অবগত এক কর্মকর্তা জানান, ইরান প্রস্তাবটি পেয়েছে এবং তা পর্যালোচনা করছে। একই সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান।
উল্লেখ্য, জুন মাসে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করেছিল, যাতে যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই সেই যুদ্ধবিরতি কার্যকর নেই বলে ঘোষণা দেন।
ওয়াশিংটনের দাবি, ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালীতে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে হবে। অন্যদিকে তেহরান বলছে, তাদের উপকূলসংলগ্ন এই কৌশলগত জলপথে জাহাজ চলাচল তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
এদিকে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে সিদ্ধান্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নতুন করে কোনো হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। এর ফলে প্রায় দুই সপ্তাহ ধরে চলা ধারাবাহিক মার্কিন বিমান হামলায় অন্তত সাময়িক বিরতি এসেছে।
সূত্র: আনাদুলু এজেন্সি
kalprakash.com/IM