কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনের বাংলাদেশে জোরপূর্বক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের সীমান্তের শূন্য লাইন থেকে ভারতের দিকে ফেরত পাঠানো হয়।
রোববার (২৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন সালদানদী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে এক নারী ও তিন শিশু বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি নজরে আসার পর সকাল ১০টা ৩০ মিনিটে বিজিবির নিয়মিত টহল দল সীমান্তের শূন্য লাইনের কাছে তাদের শনাক্ত করে। পরিস্থিতি মূল্যায়নের পর তাৎক্ষণিকভাবে তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে ভারতের দিকে ফেরত পাঠানো হয়।
বিজিবি জানিয়েছে, ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে নিয়মিত আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করছে।
তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্তে যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
kalprakash.com/IM