রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১২:০১

সনদ নয়, দক্ষ ও নৈতিক নাগরিক গড়াই হবে শিক্ষার মূল লক্ষ্য: ববি হাজ্জাজ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:২৭
শেয়ার: mail
সনদ নয়, দক্ষ ও নৈতিক নাগরিক গড়াই হবে শিক্ষার মূল লক্ষ্য: ববি হাজ্জাজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থাকে সনদনির্ভর ধারা থেকে বের করে দক্ষতা, নৈতিকতা ও কর্মসংস্থানমুখী কাঠামোয় রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা এমন হবে, যেখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জন করবে না, বরং বাস্তব জীবনে সফল হওয়ার প্রয়োজনীয় দক্ষতা ও মূল্যবোধও অর্জন করবে।

রোববার (২৮ জুন) রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষাগত সক্ষমতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সমপর্যায়ের। এই চিত্র দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে তুলে ধরে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নিশ্চিত করা নয়; বরং শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, পেশাগত দক্ষতা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে শিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করেও উপযুক্ত কর্মসংস্থান পাচ্ছেন না। এই বাস্তবতা বদলাতে শিক্ষা খাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।

তিনি আরও বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এমন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছেন, যেখানে চাকরির সুযোগ সীমিত। তাই সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতাভিত্তিক, ক্যারিয়ারমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ জরুরি।

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি অপরিহার্য। তাই শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে।

তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মোখলেস উর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ: ববি হাজ্জাজ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

সনদ নয়, দক্ষ ও নৈতিক নাগরিক গড়াই হবে শিক্ষার মূল লক্ষ্য: ববি হাজ্জাজ

বিস্তারিত কমেন্টে