কুমিল্লাকে বিভাগ ঘোষণা জনগণের দাবি হয়ে থাকলে তা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকারে এলে তা বাস্তবায়ন করে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘদিনের তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ছিল অন্যতম।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি যদি জনগণের হয়ে থাকে, তাহলে সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। একইসঙ্গে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন তিনি।
বক্তব্যের শুরুতে সরকার পরিচালনায় বিএনপির বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণধর্মী কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী প্রদান শুরু হয়েছে।
তিনি আরও বলেন, সবাইকে স্বাবলম্বী হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। জনগণই দেশের প্রকৃত মালিক, আর জনগণ দায়িত্ব নিলেই দেশ এগিয়ে যায়।
kalprakash.com/SS
শনিবার, ১৬ মে ২০২৬
জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান