দেশের কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম। প্রথম ধাপে আট বিভাগের ১০ জেলার ১১ উপজেলায় মোট ২২ হাজার ৬৫ জন কৃষক এ কার্ড পাবেন।
রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি জানান, আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রি-পাইলটিং পর্যায়ে একযোগে ১১টি উপজেলার নির্ধারিত ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে।
মন্ত্রী বলেন, এই কার্ডের আওতায় কৃষক ছাড়াও মৎস্যচাষি, আহরণকারী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধখামারিসহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় সব শ্রেণির কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রথম ধাপে যেসব উপজেলায় কৃষক কার্ড দেওয়া হবে—
পঞ্চগড় সদর (কমলাপুর ব্লক), বগুড়া শিবগঞ্জ (উথলি ব্লক), ঝিনাইদহ শৈলকূপা (কৃপালপুর ব্লক), পিরোজপুর নেছারাবাদ (রাজাবাড়ি ব্লক), কক্সবাজার টেকনাফ (রাজারছড়া ব্লক), কুমিল্লা আদর্শ সদর (অরণাপুর ব্লক), টাঙ্গাইল সদর (সুরুজ ব্লক), রাজবাড়ী গোয়ালন্দ (তেনাপঁচা ব্লক), মৌলভীবাজার জুড়ী (ফুলতলা ব্লক), পঞ্চগড় বোদা (পাঁচপির ব্লক) এবং জামালপুর ইসলামপুর (গাইবান্ধা ব্লক)।
সরকার পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করেছে।
নিজস্ব প্রতিবেদক 

























