লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উত্তর ইসরাইল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এই হামলা ইসরাইলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে করা হয়েছে। হিজবুল্লাহ একই সঙ্গে জানিয়েছে, ইসরাইলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে।
টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, আমাদের দেশ ও জনগণের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। ইসরাইলি বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া একটি রকেট ঠেকিয়ে দিয়েছে।
পাকিস্তানের মধ্যস্থতায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানসহ তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে একমত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা এই যুদ্ধবিরতি মেনে চলবে, তবে ইসরাইল তা মানতে চাইছে না।
মঙ্গলবার রাতভর ও বুধবার বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, এতে ২৫৪ জন নিহত ও এক হাজারেরও বেশি আহত হন। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি থাকলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। হোয়াইট হাউসও জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই সুরে বলেছেন, লেবানন ইস্যুতে ইরান যদি সমঝোতা থেকে সরে আসে, তবে তা চরম ভুল হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে বা তো পূর্ণ যুদ্ধবিরতি নিতে হবে বা ইসরাইলের মাধ্যমে প্রক্সি যুদ্ধের পথ বেছে নিতে হবে। পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 

























