আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬) উদযাপনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আজ ৭ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে “নিরাপত্তা সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।
সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সেবা নিশ্চিতকরণ, সমন্বিত টহল বৃদ্ধি, ভিড় ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার এবং জরুরি সেবা কার্যক্রম সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে সিএমপি কমিশনার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সিএমপি কমিশনার বলেন, “বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।” তিনি সকল সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং নাগরিকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং; উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধিবৃন্দ।
চট্টগ্রাম প্রতিনিধি 



















