পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারে পেট্রোলিয়াম আইন অমান্য করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, জ্বালানি তেল বিক্রির বৈধ লাইসেন্স ও নিরাপত্তা বিধি না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি প্রশাসনের নির্দেশে জব্দকৃত তেল উপস্থিত সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। তেল বিক্রির সময় স্বচ্ছতা বজায় রাখতে সেখানে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার), ইউপি সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন জানায়, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। সরকারি মূল্যে তেল কিনতে পেরে সাধারণ মানুষ প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
পিরোজপুর প্রতিনিধি 


















