বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটি একটি অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে কেবল মুক্ত বাণিজ্যের সীমার মধ্যে সীমাবদ্ধ না রেখে, সেবা খাত, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতার ক্ষেত্রেও সম্প্রসারণ করতে চায়।
দক্ষিণ কোরিয়ার গণ কূটনীতি বিষয়ক উপমন্ত্রী লিম সাং উ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি দক্ষিণ কোরিয়া গভীর শ্রদ্ধা জানায়। তিনি বলেন, গত ৫০ বছর ধরে বাংলাদেশ ও কোরিয়ার সম্পর্ক সব ক্ষেত্রে, বিশেষ করে অবকাঠামো, বস্ত্র, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং জনগণের মধ্যে যোগাযোগে গভীরভাবে দৃঢ় হয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকার কোরিয়ার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী।
এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশি ও কোরিয়ান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন করা হয়, যেখানে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। অতিথিদের জন্য বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বাংলাদেশি ও কোরিয়ান খাবারও পরিবেশন করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক 


















