পটুয়াখালীর বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৪০) নিহত হয়েছেন। এছাড়া অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনা মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় ঘটে। নিহত উজ্জ্বল কর্মকার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা।
আহতরা হলেন—মিজানুর রহমান, শামীম হোসেন ও তরমুজ চাষি ফিরোজ গাজী। আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চরওয়াডেল এলাকার জমিতে দীর্ঘদিন ধরে তরমুজ চাষ করে আসছিলেন ফিরোজ গাজী। কিন্তু মিজানুর রহমান ওই জমি নিজের দাবি করে ফিরোজের কাছে প্রায় ২ লাখ টাকা চাঁদাও দাবি করছিলেন।
ঘটনার দিন বিকেলে ফিরোজ তরমুজ কেটে নেওয়ার সময় মিজানুর ৮–১০ জনকে সঙ্গে নিয়ে বাধা দেন। বাগ্বিতণ্ডা পরিণত হয় সংঘর্ষে। স্থানীয়রা হামলাকারীদের মধ্যে উজ্জল, মিজানুর ও শামীমকে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন। রাত আটটার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 



















