যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
সকাল ৮টায় জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, রোভার স্কাউট এবং সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্যারেড প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি 





















