রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলারের একটি ঐতিহাসিক চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে সংস্থাটির কান্ট্রি প্রোগ্রামস বিভাগের ডিরেক্টর জেনারেল আনাসি আইসামি চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও আইএসডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, এ উদ্যোগের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের নতুন সক্ষমতা তৈরি হবে। এটি বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ অভ্যন্তরীণভাবে পূরণ করা সম্ভব হবে। প্রকল্পটি ২০৩০ সালের নভেম্বরের মধ্যে পুরোপুরি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের। সাক্ষাতকালে বাংলাদেশ ও ইসলামী উন্নয়ন ব্যাংকের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব, অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং অবকাঠামোগত খাতে ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
kalprakash.com/IM