শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৫:০১

বেনাপোলে সংঘবদ্ধ কুকুরের তাণ্ডব: এক ঘণ্টার ব্যবধানে কামড়ে আহত ২০

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:২৬
শেয়ার: mail
বেনাপোলে সংঘবদ্ধ কুকুরের তাণ্ডব: এক ঘণ্টার ব্যবধানে কামড়ে আহত ২০

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে একদিনেই পথচারীসহ প্রায় ২০ জন ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বেনাপোল পৌরসভার আমড়াখালী ও কাগমারী গ্রামে এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন—আমড়াখালী গ্রামের সেলিম রেজার ছেলে সোহান হোসেন (২৯), আকবার আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫), মোরশেদ আলী (৫০), মহিউদ্দিন (৫৫), আবুল খায়েরের ছেলে কবির হোসেন (৩৫), আমির হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (৩৫), সিরাজের স্ত্রী বাছিরুন্নেছা (৪৫) এবং কাগমারী গ্রামের আরোয়া হোসেনের স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একদল বেওয়ারিশ কুকুর সংঘবদ্ধভাবে আমড়াখালীর রেললাইন পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এরপর সামনে যাকে পেয়েছে তাকেই আচমকা আক্রমণ করতে থাকে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে কুকুরগুলো অন্তত ২০ জনকে কামড়ে রক্তাক্ত জখম করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

আমড়াখালী গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান জানান, শুক্রবার সকালে আমড়াখালী ও কাগমারী গ্রামে কুকুরের দল তাণ্ডব চালিয়ে প্রায় ২০ জনকে কামড়ে আহত করেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুকুরের ভয়ে অনেকে বাড়ি থেকে বের হতে পারছেন না এবং অভিভাবকরা শিশুদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গ্রামবাসী শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা জানান, কুকুরের কামড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানুষ, গরু, মহিষ, ভেড়া কিংবা ছাগলকে আক্রান্ত কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হতে পারে, যার চূড়ান্ত পরিণতি মৃত্যু। তিনি বলেন, “বাড়ির পোষা কুকুরকে নিয়মিত জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হবে। তবে এখন কুকুরের প্রজনন মৌসুম হওয়ায় উন্মত্ত কুকুরের আক্রমণ থেকে সাবধান থাকতে হবে এবং কাউকে কামড়ালে দ্রুত ভ্যাকসিন দিতে হবে।”

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ জানান, শুক্রবার কুকুরের কামড়ে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের প্রত্যেককে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও সরকারিভাবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, “বর্তমানে কুকুরের প্রজনন মৌসুম চলায় কিছু কুকুর হিংস্র হয়ে উঠতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কুকুরে কামড়ালে তাৎক্ষণিকভাবে ক্ষতস্থানটি অন্তত ১৫ মিনিট ধরে ক্ষারযুক্ত কাপড় কাচার সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে। এতে জীবাণুর তীব্রতা অনেকটাই নষ্ট হয়। এরপর কোনো প্রকার দেরি না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিনের পূর্ণ ডোজ সম্পন্ন করতে হবে। হাসপাতালে সরকারি ভ্যাকসিনের কোনো সংকট নেই।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে সংঘবদ্ধ কুকুরের তাণ্ডব: এক ঘণ্টার ব্যবধানে কামড়ে আহত ২০

বিস্তারিত কমেন্টে