দক্ষ জনবল সংকট ও সুষ্ঠু তদারকির অভাবে মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদীর ওপর নির্মিত বালিরটেক ব্রিজের অধিগ্রহণকৃত সরকারি জমি বেদখলের অভিযোগ উঠেছে। প্রভাবশালী স্থানীয় ভূমিদস্যু ও অবৈধ দখলদারদের অনধিকার প্রবেশের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও এলাকাবাসী।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশ সরকারের ৪৬ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৩৮১ টাকা ব্যয়ে নির্মিত ২১৯ মিটার দীর্ঘ পিসি গার্ডার ও ১৬৫ মিটার ভায়াডাক্টের এই ব্রিজের পশ্চিম পাড়ে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ করা হয়েছে। শুধু তা-ই নয়, ব্রিজের ওপর অবৈধ অটোরিকশা, সিএনজি, নসিমন-করিমন স্ট্যান্ড বসিয়ে প্রতিনিয়ত কৃত্রিম যানজট সৃষ্টি করা হচ্ছে, যা দিনদিন সড়ক দুর্ঘটনা বাড়াচ্ছে।
এ ছাড়া ইমারত আইন অমান্য করে ব্রিজের রেলিং ঘেঁষে বহুতল ভবন নির্মাণ, ব্রিজের নিচে অবৈধ ইট-বালুর ব্যবসা এবং সন্ধ্যার পর যানবাহন পার্কিংয়ের আড়ালে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন বাসিন্দারা। পাশাপাশি নির্মাণকারী প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেড ব্রিজের ওপরের দেয়ালের কাজ অসম্পূর্ণ রেখেই বিল তুলে নিয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।
অবৈধ দোকানপাট, যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ এবং জমি দখলমুক্ত করতে মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া গ্রামের মো. ইউসুব মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই।” তবে মানিকগঞ্জ এলজিইডির সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিনকে বিষয়টি জানানো হলে তিনি জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করছেন সর্বমহল।
kalprakash.com/IM