যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে একটার দিকে এ বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে রাজধানীর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ছাড়াও সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
বিদ্যুৎ বিভাগের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ সংযোগ পুনর্বহালে জরুরি ভিত্তিতে কাজ চলছে। ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ছাড়া মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। চট্টগ্রামেরও কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন বলে জানিয়েছে পাওয়ার গ্রিড পিএলসি।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।
বিদ্যুৎ বিভাগের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও অধিকাংশ জায়গায় ইতোমধ্যে সরবরাহ পুনর্বহাল করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কার্যক্রম চলছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
তবে ঠিক কী কারণে এ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে এবং পুরোপুরি সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
kalprakash.com/IM