দেশের জ্বালানি সংকট নিরসন এবং অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভারের সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং এসব কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত হয়েছে। বর্তমানে আরও সাতটি কূপের খননকাজ চলছে, যা সম্পন্ন হলে গ্রিডে নতুন করে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস সরবরাহ যুক্ত হবে।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, পায়রা, মোংলা অথবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুবিধাজনক অন্য কোনো স্থানে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানির দৈনিক সক্ষমতা আরও ৬০০ এমএমসিএফডি বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
kalprakash.com/IM