পঞ্চগড় সদর উপজেলার কয়েকটি এলাকায় রাতের আঁধারে বুনো শিয়ালের অতর্কিত আক্রমণে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। হঠাৎ এ হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা এবং দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ আশপাশের এলাকায় পৃথকভাবে এ আক্রমণের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০); যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়ার জয়নাল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে কিংবা স্থানীয় সড়কে অবস্থানের সময় হঠাৎ ঝোপঝাড় থেকে বুনো শিয়াল এসে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালের কামড়ে আক্রান্তদের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত সাতজনকে হাসপাতালে প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতের ধরন অনুযায়ী সবাইকে প্রয়োজনীয় জলাতঙ্ক প্রতিষেধক (র্যাবিস ভ্যাকসিন) প্রদান করা হয়। চিকিৎসা শেষে তাঁরা আশঙ্কামুক্ত অবস্থায় নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
kalprakash.com/IM