দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিনিয়োগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতির বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই।
আজ শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। দেশে স্থানীয় বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা তৈরি হবে না। তাই অর্থনৈতিক সংকট কাটাতে বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
জ্বালানি সংকট প্রসঙ্গে আমির খসরু বলেন, সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে এর সমাধান দ্রুত সম্ভব নয়; পরিস্থিতির উন্নতি হতে কিছুটা সময় লাগবে। জ্বালানি সংকট এখন পুরোপুরি সরকারের একক নিয়ন্ত্রণে নেই বলেও উল্লেখ করেন তিনি। তবে পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অতীতে মূলত বেসরকারি খাতনির্ভর ছিল। বিএনপির মৌলিক দর্শনও বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি। বেসরকারি খাতই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে এবং সরকারের দায়িত্ব থাকবে প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরি, নীতিগত সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে নিয়ন্ত্রণ কমানোর (ডিরেগুলেশন) ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু নতুন নীতিমালা ঘোষণা করলেই হবে না, সেগুলোর মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা কোথাও কোনো বাধার মুখে পড়লে তা সরাসরি জানানোর জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলোকেও তাঁদের সদস্যদের সমস্যাগুলো চিহ্নিত করে সেসব বিষয়ে জোরালো ও কার্যকর অবস্থান নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।
kalprakash.com/IM