২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার বিভাগভিত্তিক ফলাফলে বরাবরের মতো এবারও দেশজুড়ে সবচেয়ে বেশি সফলতা দেখিয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিপরীতে পাসের হারে আশঙ্কাজনকভাবে পিছিয়ে পড়ে ৫০ শতাংশেরও নিচে অবস্থান করছে মানবিক বিভাগ।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় মোট ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৪ লাখ৫৭ হাজার ১৮৩ জন কৃতকার্য হয়েছে, যা শতাংশের হিসাবে ৮০.৬৪ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ২ লাখ ১৯ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪১ হাজার ২৪৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৪.৩০ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে করুণ চিত্র দেখা গেছে মানবিক বিভাগে। এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী। যার মধ্যে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে। ফলে এ বিভাগে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৮.৭৮ শতাংশ।
সারাদেশের ৯টি সাধারণ বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। সার্বিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সফলতার শীর্ষে থাকলেও মানবিক বিভাগের বিশালসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মত বিশেষজ্ঞদের।
kalprakash.com/IM