শিশুশিল্পী সিমরিন লুবাবা-কে ঘিরে বাল্যবিবাহের গুঞ্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে নিজেই পরিষ্কার বক্তব্য দিয়েছেন লুবাবা।
তিনি জানান, এখনো তার বিয়ে হয়নি; কেবল পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাগ্দত্তার সঙ্গে ছবি প্রকাশ করে তিনি সামাজিক মাধ্যমে লেখেন, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বাগদান হয়েছে।
এই পোস্টকে ঘিরেই বিয়ের খবর ছড়িয়ে পড়ে। পরে আরেকটি পোস্টে লুবাবা বিষয়টি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিয়ে সম্পন্ন হবে, ইনশা আল্লাহ।” পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের বিয়ে বৈধ নয়। এ কারণে তার বয়স নিয়ে আলোচনা তৈরি হলেও লুবাবা জানিয়েছেন, আইন মেনেই ভবিষ্যতে বিয়ে অনুষ্ঠিত হবে।
শৈশব থেকেই পরিচিত মুখ লুবাবা প্রয়াত অভিনেতা আবদুল কাদের-এর নাতনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করলেও গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 






















