চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবন কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের লাঞ্ছিত ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের গণমাধ্যমকর্মীরা। এতে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার লক্ষ্যেই এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার দুপুরে ওয়াসা কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এ সময় চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নাম ভাঙিয়ে মহিউদ্দিন মানিক, মো. মিয়া ও বোরহান উদ্দিনসহ কয়েকজন সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা সাংবাদিকদের সাথে অসংগতিপূর্ণ আচরণ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেন। এমনকি কয়েকজন সংবাদকর্মীর গায়ে হাত তোলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংবাদিক আব্দুল আওয়াল মুন্না ও ইব্রাহিমসহ একাধিক গণমাধ্যমকর্মী সরাসরি ভুক্তভোগী হয়েছেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এমন আচরণ কেবল ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার ওপর সরাসরি হুমকি। তারা এ ঘটনাকে সাংবাদিক সমাজের কণ্ঠরোধের একটি অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিএইচডিনিউজ২৪-এর নির্বাহী সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক জিয়াউল হক ইমন, রানা সাত্তার, ইফতেখার নুর তিশন, হুমায়ূন কবির হিরু, নিজাম উদ্দিন খান, আরিয়ান লেলিন, রিয়াজ উদ্দিন ও আনোয়ার হোসেনসহ আরও অনেকে। এ সময় ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আওয়াল মুন্না ও ইব্রাহিম ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন।
বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি। দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে দৃশ্যমান ব্যবস্থা না নিলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, যা সমাজের জন্য অশনিসংকেত।
নিজস্ব প্রতিবেদক 






















