মাসব্যাপী আয়োজন শেষে আগামীকাল ১৫ মার্চ রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। শেষদিনে মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেবেন মোহাম্মদ আজম, মহাপরিচালক, বাংলা একাডেমি। মেলার প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।
সমাপনী দিনে প্রতিবছরের মতো এবারও প্রদান করা হবে বিভিন্ন স্মৃতি পুরস্কার। এর মধ্যে রয়েছে— চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার।
২০২৫ সালে প্রকাশিত গুণমানসম্মত সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য কথা প্রকাশ পাচ্ছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার। মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে ঐতিহ্য, প্রথমা প্রকাশন ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। শিশুতোষ গ্রন্থ প্রকাশে অবদানের জন্য পাঞ্জেরী পাবলিকেশন্স লি. পাচ্ছে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার। নতুন প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে গুণগতমানসম্পন্ন গ্রন্থ প্রকাশের জন্য সহজ প্রকাশ পাচ্ছে সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার।
এছাড়া নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স, মাত্রা প্রকাশ ও বেঙ্গল বুকস।
এদিকে বইমেলার ১৭তম দিনে শনিবার নতুন বই এসেছে ১৫৭টি। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলেছে। শনিবার ছিল শিশুপ্রহর। সকালে কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রায় ৩০ জন কবি ও আবৃত্তিশিল্পী এবং দুটি আবৃত্তি সংগঠন অংশ নেয়।
বিকেলে ‘জন্মশতবর্ষ: মুসলিম সাহিত্য সমাজ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মোরশেদ শফিউল হাসান এবং আলোচনায় অংশ নেন মমতাজ জাহান।
মেহেদী হাসান রিয়াদ 













