রাজধানীর ডেমরায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জালিমুন নেসা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (৩ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে সোরহাব জানান, তার মা ডেমরায় বড় ভাই ফরহাদের বাসায় থাকতেন। পাশের এলাকায় এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে শুনে তিনি সেখানে দেখতে যান। পরে সেখান থেকে ফিরে আসার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলটি ফেলে দুই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং এরপর রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জালিমুন নেসা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার মৃত মো. আলী ভুইয়ার স্ত্রী। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন এবং বর্তমানে ডেমরার মহাকাশ ব্রিজ এলাকার ছেলের বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছিল এবং পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ নিয়ে যান।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 






















