ফেনীর পরশুরামে সীমান্ত এলাকায় গরু চড়াতে গিয়ে ভারতের ভেতরে চলে যাওয়া তিনটি গরু ফেরত পাওয়ার জন্য আকুতি জানাচ্ছেন নুরের নেছা নামে এক বৃদ্ধা নারী। পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে তিনি ও তার পরিবার এখন চরম দুশ্চিন্তা ও মানসিক চাপে রয়েছেন।
জানা গেছে, উপজেলার মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের বাসিন্দা নুরের নেছা প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান। পরিবারের তিন সন্তান প্রতিবন্ধী হওয়ায় বড় ছেলে ছাড়া অন্যদের কোনো উপার্জন নেই। দুটি গাভি ও একটি বাছুর পালন করেই তিনি সংসার চালাতেন।
গত ২২ এপ্রিল প্রতিবন্ধী ছেলে নজরুল ইসলাম গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে সেগুলো ভারতের ভেতরে চলে যায়। এরপর থেকে বহু খোঁজাখুঁজি করেও গরুগুলো আর পাওয়া যায়নি।
পরবর্তীতে স্থানীয় সূত্রে জানা যায়, গরুগুলো ভারতের রাজনগর থানায় রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারটি বিজিবি সদস্যদের বিষয়টি জানায় এবং গরু ফেরত আনার অনুরোধ করে।
নুরের নেছা বলেন, গরুগুলোই আমার পরিবারের একমাত্র ভরসা ছিল। এখন সব শেষ হয়ে গেছে। আমি শুধু চাই গরুগুলো যেন ফেরত পাওয়া যায়।
এ বিষয়ে পরশুরাম মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে গরুগুলো ফেরত আনার কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় কাঁটাতারের দুর্বল অংশ ও অসচেতনতার কারণে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে, যা দরিদ্র পরিবারগুলোর জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 
















