পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে ভেজাল দুধ ব্যবসায়ী মমিন ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) মানববন্ধনে গ্রামবাসী অভিযোগ করেন, পূর্বের হামলার ঘটনায় নিহত হাশেম প্রামাণিকের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।
মানববন্ধনে নিহত হাশেম প্রামাণিকের পরিবার, স্থানীয় গ্রামবাসী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, ভেজাল দুধ উৎপাদনের তথ্য প্রশাসনকে দেওয়ার জের ধরে মমিন তার অনুসারীদের নিয়ে নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালান। এতে হাশেম প্রামাণিকসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করা হয়। পরে আহতদের একজন হাশেম প্রামাণিক মৃত্যুবরণ করলে তাড়াহুড়ো করে পুলিশ মামলা গ্রহণ করে, তবে মামলার প্রধান আসামি এখনো গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, এলাকায় নিয়মিত ভেজাল দুধ উৎপাদন চললেও পুলিশ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এবং হত্যা মামলার অগ্রগতিও ধীরগতির।
স্থানীয়দের অভিযোগ, থানা পুলিশ এক-দু’বার নটাবাড়িয়া বাজারে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করেনি, বরং ভুক্তভোগী পরিবারকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। অন্যদিকে মমিন ও তার সহযোগীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করে প্রশাসনকে প্রভাবিত করার দাবি করছে বলেও অভিযোগ ওঠে।
বক্তারা বলেন, ঘটনার দুই সপ্তাহ পার হলেও মামলার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। অভিযুক্ত মমিন বিভিন্ন আসবাবপত্র বাড়ি থেকে সরিয়ে ফেললেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার অবস্থান জানানো হলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামবাসী নিজেরাই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তব্য দেন— নিহত হাশেম প্রামাণিকের ছেলে মো. সজিব প্রামাণিক, ছোট ভাই সাইদুজ্জামান প্রামাণিক, বড় ভাই সাইদুর প্রামাণিক, মহরম প্রামাণিক, আলহাজ্ব প্রামাণিক, রবিউল প্রামাণিক, বোন সেলিনা খাতুন, স্ত্রী জহুরা খাতুন, ছেলে সিদ্দিক, মেয়ে তৈয়্যবা, জাহাঙ্গীর সরকার, লালন প্রামাণিক, নাঈম খলিফা, বোন আন্না খাতুন প্রমুখ।
পাবনা প্রতিনিধি 
















