নাটোরের নলডাঙ্গায় দ্রুতগতির ট্রাক চাপায় খেজমত আলী (৫৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় রফিকুল ইসলাম (৫০) নামে অপর এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালি এলাকায় এদুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেজমত আলী ও রফিকুল ইসলাম ভাঙারি মালামাল কিনে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে আচঁড়াখালি এলাকায় পৌঁছালে নাটোরগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে এসে তাদের ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক খেজমত আলী প্রাণ হারান। ভ্যানে থাকা রফিকুল ইসলাম গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নাটোর প্রতিনিধি 






















