রাজধানীর তেজগাঁও কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও পিএইচডি গবেষক আব্দুল মালেক মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গবেষণা সম্মেলন International Conference of Research and Education for Educators (ICREE) 2026-এ গবেষণার উৎকর্ষে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন। সম্মেলনে অংশগ্রহণকারী ৭২ জন গবেষকের মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেন।
গত ২৩ মে মালয়েশিয়ার ল্যাংকাউই-এর Camar Resort-এ অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনটি শিক্ষা গবেষণা ও নীতি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সম্মেলনের আয়োজন করে Malaysia Association of Research and Education for Educators (MAsREE)।
বর্তমানে আব্দুল মালেক Kuala Lumpur University of Science and Technology (KLUST)-এ পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাঁর গবেষণার মূল বিষয় শিক্ষা প্রযুক্তির সংযোজন (Educational Technology Integration), যেখানে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ এবং ডিজিটাল যুগে শিক্ষণ-শেখানোর পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।
সম্মেলনে উপস্থাপিত তাঁর গবেষণাপত্রের শিরোনাম ছিল— Educational Technology Integration in the Age of Artificial Intelligence and Digitalization: A Qualitative Study of Pedagogical Practices and Challenges in Secondary Schools in Bangladesh।
গবেষণায় তিনি বিশেষভাবে TPACK (Technological Pedagogical and Content Knowledge) কাঠামোর প্রয়োগ তুলে ধরেন। এ মডেলের মাধ্যমে প্রযুক্তি, শিক্ষণ কৌশল এবং বিষয়ভিত্তিক জ্ঞানের সমন্বয়ে কীভাবে শ্রেণিকক্ষ শিক্ষাকে আরও কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করা যায়, তা বিশ্লেষণ করা হয়েছে।
গুণগত (Qualitative) গবেষণা পদ্ধতিতে পরিচালিত এ গবেষণায় বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা, পেশাগত চ্যালেঞ্জ এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক উঠে এসেছে। শিক্ষা নীতি প্রণয়ন ও আধুনিক শিক্ষক প্রশিক্ষণ কাঠামো উন্নয়নে গবেষণাটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়নের পর গবেষণাটি ৭২ জন অংশগ্রহণকারীর মধ্যে শীর্ষ স্থান অর্জন করে, যা গবেষণার গভীরতা, প্রাসঙ্গিকতা এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আব্দুল মালেক বলেন, বাংলাদেশের শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতাকে বৈশ্বিক গবেষণা কাঠামোর সঙ্গে যুক্ত করাই আমার গবেষণার মূল লক্ষ্য। পাশাপাশি TPACK ভিত্তিক শিক্ষণ পদ্ধতির কার্যকর প্রয়োগকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।
শিক্ষা গবেষণা বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল শিক্ষণ কৌশল এবং প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণ উন্নয়নে এ ধরনের গবেষণা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তেজগাঁও কলেজ প্রতিনিধি 






















