মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের চিত্র পাওয়ার পর নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের নির্দেশে ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রতিমন্ত্রী বরিশাল ও ঢাকায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং অনেকে নির্ধারিত সময়ের পর অফিসে উপস্থিত হতে দেখা যায়।
এ ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ১৩ জনকে স্ট্যান্ড রিলিজ করা হয়। এর মধ্যে ড্রেজিং বিভাগে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগে ১ জন এবং হিসাব বিভাগে ১ জন রয়েছেন।
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করেছে।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 

























