বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
রোববার রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় জবি ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমরা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করছি। তিনি বিশ্বাস করতেন, রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করে তিনি একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন। আজকের এই আয়োজন তাঁর মানবিক আদর্শেরই প্রতিফলন।”
তিনি আরও বলেন, “জনগণের পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটি শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।”
বক্তব্যের শেষে তিনি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
খাবার ও পানি বিতরণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 




















