বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
আজ (রোববার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় এ মানবিক কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জবি ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। তিনি বিশ্বাস করতেন, রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করতেন এবং একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন। আজকের এ ক্ষুদ্র আয়োজন মূলত তাঁর সেই মানবিক আদর্শেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, জনগণের পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে সামান্য উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
বক্তব্যের শেষাংশে রুমি জবি ছাত্রদলের পক্ষ থেকে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
খাবার ও পানি বিতরণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
kalprakash.com/SAS
মোজো রিপোর্টার 
















