তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক নূর নবী আল মাহমুদ এবং ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ রফিকুল আলম।
আজ রবিবার (২৪ মে) কলেজ গভর্নিং বডির এক বিশেষ মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও প্রশাসনিক কাজে অভিজ্ঞ এই দুই শিক্ষকের এই পদোন্নতি কলেজের শিক্ষা প্রশাসনে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। এর আগে দেশপত্রের এক প্রতিবেদনে নূর নবী আল মাহমুদ ও মোহাম্মদ রফিকুল আলমের নাম আলোচনায় ছিল, যেখানে তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ পদ নিয়ে জোর আলোচনার কথা বলা হয়। আজকের মিটিংয়ে সেই আলোচনারই আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।
এ বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তাঁদের মতে, নতুন এই দুই পদোন্নতি কলেজের প্রশাসনিক কাঠামোকে আরও মজবুত করবে। দীর্ঘদিন ধরে কলেজের বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসনে এই দুই শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে কলেজের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে শিক্ষার্থীরা মনে করছেন। বিশেষ করে নূর নবী আল মাহমুদের ভূগোল বিভাগে এবং রফিকুল আলমের ইতিহাস বিভাগে সুনাম থাকায় তাঁরা উপাধ্যক্ষ হিসেবে কলেজের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা নিতে পারবেন বলে ধারণা করছেন সকলে।
তবে একইসাথে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, নতুন উপাধ্যক্ষ দুজনই বিএনপিপন্থি শিক্ষক হিসেবে পরিচিত। অনেক শিক্ষার্থীর ধারণা, প্রশাসনের এই সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব কাজ করেছে। শিক্ষার মান ও প্রশাসনিক স্বচ্ছতার জায়গায় এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা আরও বলেন, রাজনৈতিক কারণে এই পদোন্নতি দেওয়া হলে তা কলেজের শিক্ষার পরিবেশের জন্য শুভ হবে না।
জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি 






















